সাবেক মন্ত্রী সরদার আমজাদের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরদার আমজাদ হোসেন
সরদার আমজাদ হোসেন

সাবেক মন্ত্রী ও সাংসদ সরদার আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার বেলা তিনটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মরহুমের ছেলে সানিয়াত হোসেন প্রথম আলোকে বলেন, হৃদরোগে আক্রান্ত হলে গত মঙ্গলবার তাঁর বাবাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
সরদার আমজাদ হোসেন রাজশাহীর বাগমারার হামিরকুৎসা গ্রামের মৃত মোহাম্মাদ আলী সরদারের ছেলে। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি একাধিকবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আট দলীয় জোট (বাকশাল) থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়াও এরশাদ সরকারের মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। গত ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। সরদার আমজাদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেছে।