সাবেক মন্ত্রী সরদার আমজাদের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী ও সাংসদ সরদার আমজাদ হোসেন (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মরহুমের ছেলে সানিয়াত হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর বাবা গত শনিবার হৃদ্রোগে আক্রান্ত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত মঙ্গলবার তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বেলা তিনটার দিকে তিনি মারা যান।
সরদার আমজাদের বাড়ি রাজশাহীর বাগমারার হামিরকুৎসা গ্রামে। তিনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আটদলীয় জোট (বাকশাল) থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়াও এরশাদ সরকারের মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা হবে। বিকেলে রাজশাহীর বাগমারার হামিরকুৎসা উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।