সাবেক মন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী আমিনুল ইসলাম হত্যায় জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জড়িত বলে সন্দেহ করছে নিহত ব্যক্তির পরিবার।
গত শনিবার পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি এলাকার মুজাহিদনগর রোডের পাশ থেকে আমিনুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে। ওই দিন বিকেলে তাঁর বড় ভাই রেজাউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। আমিনুল সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ছিলেন।
মামলার বাদী রেজাউল ইসলাম গতকাল বলেন, আমিনুল রাজধানীর মুরাদপুরের মাদ্রাসা রোডে একটি মেসে থাকতেন। তাঁর পাশের কক্ষে থাকেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সেই কর্মকর্তা। আমিনুলের এক স্বজনকে বিদেশে পাঠানোর নাম করে সম্প্রতি তিন লাখ টাকা নিয়েছিলেন সেই ব্যক্তি। কিন্তু তাঁকে বিদেশে পাঠানো হয়নি। আমিনুল টাকা চাইতে গেলে টাকা না দিয়ে তিনি টালবাহানা করেন। এ নিয়ে আমিনুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটিও হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
রেজাউলের অভিযোগ, ‘টাকা আত্মসাৎ করতেই আমিনুলকে তেঘরিয়ায় নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।