সাবেক মন্ত্রীর বাসার গৃহকর্মীর মৃত্যু
রাজধানীর গুলশানে সাবেক এক মন্ত্রীর বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
গুলশান থানার পুলিশ জানায়, ওই গৃহকর্মীর নাম শারমিন আক্তার নিপা (৩৯)। গত শুক্রবার বিকেলে তিনি গুলশানের ১১৯ নম্বর রোডে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা শহীদুল ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ পান। রাতে খাওয়ার পর একটি কক্ষে ঘুমিয়ে পড়েন শারমিন। গভীর রাতে বেশ কয়েকবার বমি করেন তিনি। সকালে অচেতন হয়ে পড়ে থাকতে দেখে বাসার লোকজন শারমিনকে তড়িঘড়ি করে ওই হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, শারমিনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ। আপাতদৃষ্টিতে মৃত্যু স্বাভাবিক বলে মনে হলেও লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে আটটার দিকে মহাকাশ স্টাফ কোয়ার্টারের সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরনে জ্যাকেট, গেঞ্জি, গ্যাবার্ডিনের প্যান্ট ও লাল চাদর ছিল। গলায় হালকা দাগ দেখা গেছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস প্রথম আলোকে বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
ট্রেনের ধাক্কায় মৃত্যু: রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা যুবক (৩০) মারা গেছেন। সকাল সাড়ে আটটার দিকে কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।