সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল দলিল করে অন্যের জমি নিজের করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি মামলা দায়ের করেছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. ওয়াজেদ বাদী হয়ে এ মামলা করেন। সান্তনা হক জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সান্তনা হক তাঁর দুই চাচা আইনুল হক ওরফে আমিরুল ও আজিজুল হক ওরফে আবদুল হকের ১৩৩ শতক জমির জাল দানপত্র দলিল করে নিজের নামে আনেন। ১৯৭৫ সালের ৪ সেপ্টেম্বর তারিখে ওই দলিল সম্পাদন করা হয় বলে উল্লেখ রয়েছে। পরে ২০১১ সালের ১৩ ডিসেম্বর (১৩২১৫/২০১১) তিনি ওই জমি তাঁর স্বামী দুলহান উদ্দীনের নামে হস্তান্তর করেন।
বিতর্কিত দানপত্র দলিলটিরও (২০২২০/৭৫) কোনো অস্তিত্ব খুঁজে পায়নি দুদক।