নার্সিং কলেজের শিক্ষক অঞ্জলী রানী হত্যা মামলা
সাবেক মাদ্রাসা কর্মকর্তা গ্রেপ্তার ৫ দিনের রিমান্ডে
চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক অঞ্জলী রানী দেবী খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সাবেক মাদ্রাসা কর্মকর্তা মোহাম্মদ রেজাকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলীর আদালতে তাঁকে হাজির করা হয়। শুনানি শেষে আদালতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার রাতে জিইসি মোড় থেকে মোহাম্মদ রেজাকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। খুনের ঘটনার পাঁচ মাস পর এই প্রথম কাউকে গ্রেপ্তার করল পুলিশ। রেজা পটিয়ার জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার সাবেক ভূসম্পত্তি কর্মকর্তা বলে পুলিশ জানায়।
গত ১০ জানুয়ারি পাঁচলাইশ এলাকায় বাসা থেকে কলেজে যাওয়ার সময় গলির মুখে অঞ্জলী রানী দেবীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত নারীর স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে জানান, ২০১২ সালে নার্সিং কলেজে হিজাব পরা না-পরা নিয়ে আন্দোলন শুরু হয়। ওই সময় অঞ্জলী রানী হিজাবের বিরোধিতা করেছেন, এমন অভিযোগ এনে তাঁকে উকিল নোটিশ পাঠান রেজা। খুন হওয়ার পর মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে আত্মগোপনে চলে যান তিনি। একই সঙ্গে উচ্চ আদালত থেকে আদেশ নেন, এ মামলায় যাতে তাঁকে পুলিশি হয়রানি না করা হয়।
এস এম তানভীর আরাফাত জানান, অঞ্জলী রানী হত্যার সঙ্গে অন্য ব্লগারদের হত্যার ধরনের মিল রয়েছে। কোনো উগ্রপন্থী গোষ্ঠী রেজাকে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। তবে কোন সংগঠন এ কাজ করেছে, তা তদন্ত করা হচ্ছে।
তবে গতকাল বিকেলে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন মোহাম্মদ রেজা। তাঁর দাবি, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় ২০১২ সালে অঞ্জলী রানীকে তিনি উকিল নোটিশ পাঠান। অঞ্জলী খুনের পর বিভিন্ন পত্রিকায় তাঁকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাই পুলিশি হয়রানি থেকে বাঁচতে উচ্চ আদালতের আশ্রয় নেন। জঙ্গি বা কোনো উগ্রপন্থী সংগঠনের সঙ্গে তাঁর সম্পর্কে নেই বলে দাবি করেন তিনি।
২০১২ সালে ওই আন্দোলনের বিষয়ে নার্সিং কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সুফিয়া সুলতানা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘হিজাব নিয়ে কলেজে যে আন্দোলন হয়েছিল, তাতে অঞ্জলী ম্যাডামের কোনো ভূমিকা ছিল না। আন্দোলনের পক্ষে বা বিপক্ষে কোনোটাইতেই তিনি যুক্ত ছিলেন না। তাঁর ভূমিকা ছিল নীরব।’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, অঞ্জলী হত্যা মামলায় গ্রেপ্তার রেজাকে জিজ্ঞাসাবাদ করতে ১২ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।