সাবেক মেয়র ও বর্তমান পৌর পরিষদের আজ পাল্টাপাল্টি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাছ ও বর্তমান পৌর পরিষদ একই স্থানে একই সময় পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এক আদেশে ১৪৪ ধারা জারি করেন। আজ শনিবার বিকেল চারটায় ভৈরব পৌর শহরের টিনপট্টিতে এ সমাবেশ হওয়ার কথা ছিল।সাবেক মেয়র পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান পৌর পরিষদের এক বছর শেষ হলো। এ সময়ের মধ্যে পৌরসভায় কোনো ধরনের নাগরিক সুবিধা বাড়েনি, বরং পরিষদের কাউন্সিলররা দখল রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে করে পৌর পরিষদের অর্জিত মর্যাদা বিনষ্ট হচ্ছে। এ কারণে সাবেক মেয়র ফখরুল আলম তাঁর দায়িত্ববোধ থেকে পৌর পরিষদের সব অনিয়ম-দুর্নীতি জনগণের সামনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।পৌর পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিষদের কার্যক্রম স্বাভাবিক গতিতে এগোচ্ছে। উন্নয়ন-প্রক্রিয়াও অব্যাহত আছে। কিন্তু সাবেক মেয়র পরাজিত হওয়ার হিংসা থেকে পরিষদকে জনতার সামনে হেয় করার উদ্দেশ্যে সমাবেশ আহ্বানের পরিকল্পনা করেন। নাগরিকের সুবিধার চেয়ে তিনি তাঁর নিজের সুবিধার কথা বেশি ভেবেছেন। এককথায়, স্বাভাবিক উন্নয়ন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই সাবেক মেয়রের সমাবেশ আহ্বানের মূল কারণ।অভিযোগ অস্বীকার করে সাবেক মেয়র বলেন, ‘বিগত সময়ে পৌরসভার উন্নয়নের মাধ্যমে বাজারকে শহরে রূপ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান পরিষদ উন্নয়ন না করে দখল আর নিজেদের স্বার্থ হাসিল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এতে করে নাগরিকেরা তাদের প্রাপ্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। পরিষদের দুর্নীতির বিষয়টি জানানোর তাগিদ থেকে সমাবেশের কথা ভেবেছিলাম।’অভিযোগ অস্বীকার করে ভৈরব পৌর পরিষদের কাউন্সিলর হারুন উর রশিদ বলেন, ‘বর্তমান পরিষদের আমলে কোনো ধরনের দুর্নীতি হচ্ছে না, বরং সাবেক মেয়র নানা কৌশলে দুর্নীতি করেছেন। জনতার সামনে তাঁর দুর্নীতি তুলে ধরার জন্যই আমরা সমাবেশ আহ্বান করেছিলাম।’ ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম বলেন, দুই পক্ষ একই সময় একই স্থানে সমাবেশ আহ্বান করায় শান্তি বজায় রাখার উদ্দেশ্যে ১৪৪ ধারা জারি করা হলো।