সাবেক মেয়রও 'ইজিবাইক' চলাচলের বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে ‘ইজিবাইক’ চলাচল প্রশ্নে সিটি করপোরেশন ও মহানগর পুলিশের সিদ্ধান্ত সঠিক বলে জানিয়েছেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। গতকাল শুক্রবার বিকেলে ইজিবাইকচালকেরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁদের এসব কথা জানান।
১ জুলাই মহানগর পুলিশ বিদ্যুৎ সাশ্রয়, যানজট নিরসন ও পথচারীদের দুর্ভোগ এড়াতে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে ইজিবাইকচালকেরা ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেন। গত বুধবার চালক ও পুলিশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠকে সিদ্ধান্ত হয়, শহরতলির কিছু সড়কে ইজিবাইক চলাচল করতে পারলেও নগরে কোনোভাবেই এসব যান চলাচল করবে না।
ইজিবাইকচালকেরা গতকাল বিকেল চারটায় কামরানের বাসভবনে এক বৈঠক করেন।
গতকাল বেলা দেড়টা থেকেই কামরানের ছড়ারপাড় এলাকার বাসভবনে ইজিবাইকচালকদের ভিড় জমতে শুরু করে। বিকেল চারটার দিকে কামরান চালকনেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে চালকেরা ইজিবাইক চলাচলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে সুপারিশের জন্য কামরানকে অনুরোধ জানান। এ সময় কামরান চালকদের মানবিক প্রশ্নের বিষয়টি স্বীকার করে নগরবাসীর বৃহত্তর স্বার্থে মহানগর পুলিশ ও সিটি করপোরেশনের সিদ্ধান্তকে সঠিক ও যৌক্তিক বলে মন্তব্য করেন।
বদরউদ্দিন আহমদ কামরান প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের সর্বশেষ বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি সঠিক। হুট করে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় চালকদের মানবিক প্রশ্নটি দেখা দিয়েছে ঠিকই, তবে নগরবাসীর বৃহত্তর স্বার্থটি বিবেচনায় নিয়ে এসব যান না চলাচলের বিষয়টি তাঁদের মেনে নেওয়ার জন্য বুঝিয়েছি।’