সাবেক মেয়রসহ ৬ জনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনিসহ ছয়জনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে খুলনার মুখ্য মহানগর হাকিম এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ নির্দেশ দেন।

সাবেক মেয়র ছাড়া অপর পাঁচজন হলেন খুলনা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউছুল আজম গাউছ, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কে এম হুমায়ূন কবীর, ছাত্রশিবির মহানগর শাখার সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মো. শাহীন ও মো. গাউছ।
অভিযোগপত্র দাখিলের পর আদালত ওই ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু তারপরও তাঁরা আত্মসমর্পণ না করায় আদালত অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন বলে জানান আদালতের জিআরও এসআই সঞ্জয় কুমার দাস।
আদালত-সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, ২০১৩ সালে নগরের পাওয়ার হাউস মোড়ে বিএনপিসহ ২০-দলীয় জোটের অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক অনুকূল চন্দ্র ঘোষ বাদী হয়ে বিএনপি ও জামায়াতের ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আড়াই শ জনের বিরুদ্ধে মামলা করেন। ২০১৫ সালের ৩০ এপ্রিল খুলনা সদর থানার এসআই তাপস কুমার পাল মেয়র মনিরুজ্জামান মনিসহ ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর ভিত্তিতে আদালত ওই বছরের ২২ নভেম্বর ওই ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে।