ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আবদুল হালিম গাজীর বিরুদ্ধে ৩১ লাখ ৫৫ হাজার ৮৮৬ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বর্তমান মেয়র আফজাল হোসেন বাদী হয়ে গত শনিবার রাতে ঝালকাঠি থানায় এ মামলা করেন।ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, মেয়র আফজাল হোসেনের অভিযোগটি ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় নথিভুক্ত করা হয়েছে।মামলার এজাহারে মেয়র আফজাল হোসেন উল্লেখ করেন, সাবেক মেয়র আবদুল হালিম গাজী নয় জনের নামে বিল-ভাউচার ও চেক ইস্যু দেখিয়ে ৩১ লাখ ৫৫ হাজার ৮৮৬ টাকা আত্মসাৎ করেন। ২৪ এপ্রিল পৌর পরিষদের সভায় পৌরসভার বিভিন্ন হিসাব পর্যালোচনাকালে টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। সভায় পৌর কাউন্সিলর ও কর্মচারীদের মতামতের ভিত্তিতে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়।সাবেক মেয়র আবদুল হালিম গাজী বলেন, ‘গত ২৪ মার্চ সুপ্রিমকোর্টের নির্দেশনা অমান্য করে ঝালকাঠি পৌরসভার নির্বাচন হয়। এ ব্যাপারে আমি আদালত অবমাননার মামলা করেছি। এ মামলার আদেশ আমার পক্ষে গেলে পুনরায় ঝালকাঠি পৌরসভার নির্বাচন হবে। এ কারণে ক্ষিপ্ত হয়ে বর্তমান মেয়র আমার নামে মিথ্যা অভিযোগে মামলা করেছেন।’