সাবেক মেয়রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা এ এইচ এম খায়রুজ্জামানের নির্দেশে নগর আওয়ামী লীগের কার্যালয়ের নামে এক ব্যক্তির জমি দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নগরের কুমারপাড়া এলাকায় অবস্থিত ওই জমিটির দাবিদার আশরাফুল ইসলাম গত সোমবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন খায়রুজ্জামান।
নগরের পদ্মা কমিউনিটি সেন্টারে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, ‘খায়রুজ্জামান আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের নামে দখল করার চেষ্টা করে আসছেন। ওই সম্পত্তির ওপর বেআইনিভাবে ব্যানার ঝুলিয়ে দখলের পাঁয়তারা করছেন, যা বর্তমানে দৃশ্যমান। জমিটি নিয়ে রাজশাহী জেলা জজ আদালতে মামলা চলমান এবং জেলা জজ কর্তৃক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী নিষেধাজ্ঞা জারি আছে।’
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি ওই জমিতে আশরাফুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজের রেঞ্জপত্র ও টুলবক্সসহ সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। খায়রুজ্জামানের নির্দেশে রাজশাহী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর রহমানসহ কয়েকজন ওই জমিটাকে অবৈধভাবে মহানন্দা বাস কাউন্টারের জমি বলে দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ২০০১ সালে তাঁরা একই খাসজমি মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের জন্য বন্দোবস্ত নেওয়ার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করেন। বিধি অনুযায়ী সরকার তাঁদের জমিটি বরাদ্দ দেয়। ২০০৮ সালে জমি খারিজ করতে গেলে তাঁরা জানতে পারেন, জমির একজন দাবিদার রয়েছেন। খায়রুজ্জামান আরও বলেন, এখন পর্যন্ত সেখানে তাঁরা কোনো স্থাপনা নির্মাণ করতে যাননি।