মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. আহাদ মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের হুমকি এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন শ্রীমঙ্গল থানায় এ মর্মে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে আহাদ মিয়ার নেতৃত্বে নজরুল ইসলামসহ অজ্ঞাত কিছু লোক পৌরসভার ভেতর যান। মো. আহাদ মিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদৎ হোসেনের কক্ষে ঢুকে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তিনি (আহাদ মিয়া) এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং টেবিলে রাখা একটি প্রকল্পের জরুরি কাগজপত্র তছনছ করে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। আহাদ মিয়া নির্বাহী প্রকৌশলীকে প্রাণে মারার হুমকি দিয়ে পৌরসভা কার্যালয় থেকে সবাইকে চলে যেতে বলেন।ঘটনার সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী ফরহাদুল হক, উপসহকারী প্রকৌশলী মো. মাসুদ রানা এবং পৌরসভার আরও কয়েকজন কর্মচারী কার্যালয়ে বসে দ্বিতীয় নগর পরিচালন, সঞ্চালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-২-এর (ইউজিপ-টু) প্রস্তাব তৈরি করছিলেন। ঘটনার পর রাতে বিষয়টি পুলিশকে জানালে তারা পৌরসভায় পৌঁছার আগে আহাদ মিয়া লোকজন নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ পাহারায় প্রকল্পের কাগজপত্র তৈরি করা হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল পৌরসভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর মেয়র মো. মহসীন মিয়া ও নির্বাহী প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে ঢাকায় ইউজিপ-টু প্রকল্পের প্রধান কার্যালয়ে প্রকল্পপ্রস্তাব জমা দিতে না পারলে ওই প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নকাজ ব্যাহত হতো। তাই গত ১০ দিন তাঁরা রাতদিন পরিশ্রম করে প্রকল্পপ্রস্তাব তৈরি করছিলেন। সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করেন, মো. আহাদ মিয়া গত নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মুঠোফোনে হুমকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি বর্তমান মেয়র মো. মহসীন মিয়া শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।মো. আহাদ মিয়া সব অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ‘এটি একটি ষড়যন্ত্র। আমি পৌরসভায় যাইনি। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’ সন্ধ্যা সোয়া সাতটায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এজাহারটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে।