ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় সেই ‘জজবাড়ি’র সঙ্গে ফেনীর সাবেক এক যুগ্ম জেলা জজের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করতে আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে আদালতে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আগামী ১০ জুলাই পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।১০ মে একটি ইংরেজি দৈনিকে ‘জমিদার প্যালেস ইজ জাজেস প্যালেস নাউ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। একই সঙ্গে আদালত ফেনীর সাবেক যুগ্ম জেলা জজ আবুল হোসেন খন্দকার (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত), তাঁর দুই ভাই নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক ও আবুল কালাম খন্দকার এবং তাঁদের চাচা খন্দকার আবুল হাশেমকে হাজির হওয়ার নির্দেশ দেন। এ নির্দেশ অনুসারে গত রোববার ও গতকাল তাঁরা আদালতে হাজির হন। আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।পরে এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘কথিত “জজবাড়ি” দখলের সঙ্গে ফেনীর সাবেক যুগ্ম জেলা জজ খন্দকার আবুল হোসেনের সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত করতে আদালত আইনসচিবকে নির্দেশ দিয়েছেন। পরবর্তী ধার্য তারিখে ওই চারজনকে আসতে বলা হয়েছে। ওই পত্রিকার প্রতিবেদনে বাড়িটির জমি সাবেক এই যুগ্ম জেলা জজ ও তাঁর পরিবারের সদস্যদের দখলে আছে বলে অভিযোগ করা হয়।’শ ম রেজাউল করিম বলেন, ‘আমরা আদালতে বলেছি, এই বাড়ির মালিকানার সঙ্গে আবুল হোসেন খন্দকার বা তাঁর পরিবারের সম্পৃক্ততা নেই। বাড়িটি কোনো জমিদার বাড়ি নয়। আগে বাড়িটির মালিক ছিলেন মধুসূদন রায় নামের একজন ব্যবসায়ী। তাঁর কাছ থেকে গুলজার হোসেন নামের একজন আদালতযোগে এর দলিলপ্রাপ্ত হন।’