সাবেক যোগাযোগমন্ত্রীর সঙ্গে কথা বলেছে দুদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ছাড়াও সাকো ইন্টারন্যাশনালের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।গত মঙ্গলবার দুদকের কর্মকর্তারা সৈয়দ আবুল হোসেন এবং মন্ত্রীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালের চেয়ারম্যান নুরুল হক ও নির্বাহী পরিচালক খন্দকার ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছেন।জিজ্ঞাসাবাদ বলা হলেও দুদকের কর্মকর্তারা মূলত আলাদা করে আবুল হোসেনের সঙ্গে দেখা করে কথাবার্তা বলেন। এই কর্মকর্তারা হলেন, দুদকের সিনিয়র উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী ও সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম। দুদক সূত্র জানায়, দুদকের কর্মকর্তাদের প্রশ্নের মুখোমুখি হয়ে আবুল হোসেন যথারীতি নিজেকে নির্দোষ দাবি করেছেন।মীর জয়নুল আবেদীন শিবলী প্রথম আলোকে জানান, পদ্মা সেতুর সম্পর্কে বিভিন্ন অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের কর্মকর্তারা তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে অনুসন্ধানের স্বার্থে তদন্তের অগ্রগতি সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি।দুদকের মুখপাত্র ও মহাপরিচালক ফররুখ আহমেদ প্রথম আলোকে জানান, যে ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে বিশ্বব্যাংক মন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে, সে প্রতিষ্ঠানটি দুদককে এখনো দুর্নীতির সপক্ষে কোনো ধরনের দালিলিক তথ্য-প্রমাণ দেয়নি। আর সেতুর তদারকি কাজের জন্য পরামর্শক হিসেবে নির্বাচিত কানাডার প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের অভিযোগের বিষয়েও সুস্পষ্ট প্রমাণ দুদকের হাতে এসে পৌঁছেনি। কানাডীয় পুলিশ তাদের দেশীয় প্রতিষ্ঠানটির বিষয়ে তদন্ত করছে। দুদক অ্যাটর্নি জেনারেলের দপ্তরের মাধ্যমে কানাডীয় পুলিশের তদন্ত প্রতিবেদন আনার চেষ্টা করছে। দুদক সূত্র জানায়, মন্ত্রী এবং সাকোর দুই কর্মকর্তা ছাড়াও পরামর্শক প্রতিষ্ঠান বাছাইয়ে গঠিত কারিগরি ও মূল্যায়ন কমিটির আট সদস্যের বক্তব্যও রেকর্ড করেছে দুদক। আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বিশ্বব্যাংকের অভিযোগ অনুযায়ী তদন্ত এগোচ্ছে। তবে দালিলিক প্রমাণ ছাড়া এত বড় আকারের দুর্নীতির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব। নাম না প্রকাশের শর্তে অনুসন্ধানকারী দলের এক সদস্য জানান, পদ্মা সেতু নিয়ে তদন্তের প্রতিবেদন দিতে আরও কিছুটা সময় লাগবে। গত ১৮ সেপ্টেম্বর সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন।সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে প্রতিশ্রুত ঋণ বন্ধ করেছে। বাকি দাতারাও ঋণ দিচ্ছে না। ফলে আটকে আছে পদ্মা সেতুর কাজ।