সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহর সাজা আপিলেও বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের দায়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এ টি এম নাজিমউল্লাহ চৌধুরীকে হাইকোর্টের দেওয়া সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে তিনি যে ১৪ দিন কারাগারে ছিলেন, সেটাকেই কারাদণ্ড ভোগ হিসেবে গণ্য করেছেন আদালত।
রায়ের বিরুদ্ধে নাজিমউল্লাহর করা আবেদন নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান এবং নাজিমউল্লাহর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের দেওয়া তিন বছরের কারাদণ্ড সর্বোচ্চ আদালত বহাল রেখেছেন। কিন্তু নাজিমউল্লাহ যে ১৪ দিন কারাভোগ করেছেন, সেটাকেই তিন বছর কারাদণ্ড ভোগ হিসেবে গণ্য করেছেন আদালত। এ জন্য তাঁকে আর কারাগারে যেতে হবে না। আর গতকাল তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ৬ লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা অর্থদণ্ড পরিশোধ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত থাকাকালে নাজিমউল্লাহ চৌধুরী অফিস ভাড়া ও কর্মচারীদের বেতনের নামে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ এনে ২০০৮ সালে শাহবাগ থানায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।