সাবেক রাষ্ট্রদূত মাজেদার বিরুদ্ধে দুদকের দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন্নেসার (বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা—ওএসডি) বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ নিয়োগ, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় গতকাল বুধবার দুদক মামলা দুটি করে।মামলা দুটির বাদী হয়েছেন দুদকের সহকারী পরিচালক মাহাবুবুল আলম। মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ১৫ জুলাই পর্যন্ত ফিলিপাইনে রাষ্ট্রদূত থাকা অবস্থায় মাজেদা রফিকুন্নেসা মালী হিসেবে মোহাম্মদ মনিরুল ও পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) হিসেবে মমতাজ বেগমকে নিয়োগ দেন। পাশাপাশি মালী মনিরুলের নামে ২০১০ সালের অক্টোবর থেকে ২০১২ সালের জুন পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় চার লাখ ৫২ হাজার ৮০৯ টাকা এবং পরিচ্ছন্নতাকর্মী মমতাজ বেগমের নামে চার লাখ ১৮ হাজার ৩৩২ টাকাসহ মোট আট লাখ ৭১ হাজার ১৪২ টাকা তুলে নেওয়া হয়। মালী ও পরিচ্ছন্নতাকর্মীর বেতনের সব চেক স্থানীয় কর্মচারীর মাধ্যমে নগদায়ন করে মাজেদা রফিকুন্নেসা নিজে ভোগ করেন। এভাবে তিনি মোট পাঁচ লাখ এক হাজার ১৪২ টাকা আত্মসাৎ করেন।এজাহারে আরও বলা হয়, চলতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে অনুষ্ঠান করার কথা বলে মাজেদা রফিকুন্নেসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে অর্থ নেন। কিন্তু কোনো অনুষ্ঠান করা হয়নি।দুদকের সহকারী পরিচালক মাহাবুবুল আলম বলেন, মাজেদা রফিকুন্নেসার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে দুদকের একটি প্রতিনিধিদলকে ফিলিপাইনে পাঠানো হয়েছিল। তারা তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পেয়েছে। এরপর মামলা করা হয়েছে। তিনি বলেন, দুদকের জিজ্ঞাসাবাদে মাজেদা রফিকুন্নেসা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকারও করেছেন।মাজেদা রফিকুন্নেসাকে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় ২০১০ সালের ১৭ জুন। তিনি ওই বছরের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনে আগের রাষ্ট্রদূত চৌধুরী ইখতিয়ার মমিনের স্থলাভিষিক্ত হন। দুর্নীতির অভিযোগে এ বছরের জুন মাসে তাঁকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।