সাবেক রাষ্ট্রদূত শামসুর রহমান খানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রদূত এম শামসুর রহমান খান গতকাল সোমবার ভোর সোয়া চারটার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল (ইন্না লিল্লাহি...রাজিউন) করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। খবর বাসসের।আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি শামসুর রহমান তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল জোহরের নামাজের পর ধানমন্ডির ৭ নম্বর রোড মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ধামরাইয়ের কালামপুর কলেজপ্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি বালিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। শামসুর রহমান খান ১৯২৭ সালে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত আতাউর রহমান খানের ছোট ভাই। পারিবারিক সূত্রে বলা হয়, আগামী শুক্রবার বাদ আসর রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর রোডে আতাউর রহমান খানের বাসভবনে এবং বাদ জুমা ধামরাইয়ের বালিয়ায় গ্রামের বাড়িতে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।