সাবেক রাষ্ট্রদূতদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রনীতির বাস্তবায়নে সাবেক রাষ্ট্রদূতদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠকে কমিটি অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরেন সার্ভিস অফিসার্স অব বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করে। কমিটি এই সংগঠনের নাম ‘অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস অ্যাম্বাসেডরস’ রাখার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংগঠনটিকে ১৫ লাখ টাকা অনুদান দেওয়ার সুপারিশ করে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পাশের অনেক দেশেই সাবেক রাষ্ট্রদূতদের অভিজ্ঞতা কাজে লাগানো হয়। আমাদের দেশেও এ কাজ শুরু করা হলে সরকারের লাভ হবে। সাবেক রাষ্ট্রদূতেরা যেসব দেশে কাজ করেছেন, সেসব দেশের সঙ্গে আলোচনার সময় তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব।’অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের সংগঠনের সভাপতি মোহাম্মদ মহসীন আলী সাংবাদিকদের বলেন, ‘সরকারই এখন ভেবে দেখবে, কীভাবে আমাদের কাজে লাগাবে।’আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, ইমরান আহমদ, মোস্তফা ফারুক মোহাম্মদ, নিলুফার জাফর উল্লাহ ও নাজমা আকতার অংশ নেন। সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহ্ফুজুর রহমান, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।