সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধরের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। বেসরকারি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কবীর হোসেন তালুকদার গতকাল গুলশান থানায় এ মামলাটি করেন। এরপর থানা পুলিশ ইমতিয়াজকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে পুলিশ প্রহরায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারা বেগমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় দখলচেষ্টার অভিযোগ করা হয়েছে। তবে আনোয়ারা বেগম এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ও তাঁর ছেলের ওপর ভাড়াটে সন্ত্রাসীরা হামলা করেছে। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর বলেন, রোববার গভীর রাতে ইমতিয়াজের বিরুদ্ধে কবির হোসেন মারধর, হত্যাচেষ্টা, হুমকি দেওয়া ও আটকে রাখার অভিযোগ এনে মামলাটি করেন। পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন উপাচার্য সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী আনোয়ারা বেগম। গত বছর তাঁর মেয়াদ শেষ হওয়ার পর থেকে উপাচার্যের পদ নিয়ে জটিলতা শুরু হয়। এর জের ধরে গত রোববার দুপুরে বনানী শাখায় গিয়ে একদল তরুণের ধাওয়ার মুখে পড়েন সাবেক উপাচার্যের ছেলে ইমতিয়াজ আহম্মেদ। গতকাল সোমবার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কবীর হোসেনকে আলোচনার জন্য বাসায় ডেকে নিয়ে মারধর করেন সাবেক উপাচার্য আনোয়ারা বেগমের ছেলে ইমতিয়াজ। এরপর আনোয়ারা বেগম কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিশ্ববিদ্যালয় দখলের জন্য হামলা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করেন। শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখা হয়েছে।জানতে চাইলে অধ্যাপক আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমি কেন আমার বিশ্ববিদ্যালয় দখল করতে যাব। আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলাম। মেয়াদ শেষে সরকার তা অনুমোদন করেনি।’বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা তিনি ও তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছে দাবি করে আনোয়ারা বেগম বলেন, ‘আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে গেলে ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।’