সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন গুরুতর অসুস্থ
সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ গুরুতর অসুস্থ। তিনি থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) ছিলেন। সূত্র জানায়, গত ২৮ অক্টোবর ইয়াজউদ্দিন আহম্মেদের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়। এরপর কিডনিতে জটিলতা দেখা দিলে গত রোববার তাঁর অবস্থার অবনতি হয়। এ অবস্থায় তাঁকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। তাঁর স্ত্রী অধ্যাপক আনোয়ারা বেগম ও ছেলে ইমতিয়াজ তাঁর সঙ্গে রয়েছেন।৮১ বছর বয়সী ইয়াজউদ্দিন আহম্মেদ গত বছর আগস্ট মাসে অসুস্থ হয়ে পড়লে সেপ্টেম্বরে তাঁকে থাইল্যান্ডে নেওয়া হয়। চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। ফের অসুস্থতা বোধ করলে চার মাস আগে তাঁকে আবার থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে ২০০৬ সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রপতি পদে আসীন হন।