প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক-এগারোর সময় জিল্লুর রহমান না থাকলে দেশ গণতন্ত্র ফিরে পেত না। গতকাল রোববার সংসদে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বর্তমান সংসদের সাংসদ আব্দুল জলিল, বিপ্লবী বিনোদবিহারীসহ অন্যান্যের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।গতকাল বিকেল সাড়ে পাঁচটায় ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর ও দিনের অন্যান্য কার্যসূচি টেবিলে উত্থাপিত হয়। এরপর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানসহ আব্দুল জলিল, বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী, সাবেক সাংসদ এম মজিদ-উল হক, আনসার আলী সিদ্দিকী, এম ছিদ্দিক, আবদুল্লাহ সরকার, নাজির হোসেন চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী এবং নিরাপত্তা বিশেষজ্ঞ আমীন আহমেদ চৌধুরী ও পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলামের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। আলোচনা শেষে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর রেওয়াজ অনুযায়ী বর্তমান সংসদের সাংসদ আব্দুল জলিলের মৃত্যুতে সংসদের অধিবেশন আজ বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ‘জিল্লুর রহমান এক-এগারোর পর গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ সময় তাঁর বলিষ্ঠ ভূমিকা দলকে সংগঠিত করেছে। তিনি না থাকলে আমরা গণতন্ত্র ফিরে পেতাম না। যখন দেশের জন্য তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তিনি চলে গেলেন। যাঁদের চাচা বলে ডাকতাম, তিনি ছিলেন তাঁদের শেষ প্রতিনিধি। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির একটি অধ্যায় শেষ হয়ে গেল।’ প্রধানমন্ত্রী বিপ্লবী বিনোদবিহারী ও আব্দুল জলিলকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।শোক প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন তোফায়েল আহমেদ, আলী আশরাফ, রহমত আলী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, শাজাহান খান, আবদুস শহীদ, মুন্নুজান সুফিয়ান, রাশেদ খান মেনন, ফজলে রাব্বী মিয়া, দীপু মনি, মঈন উদ্দীন খান বাদল, আবদুল মান্নান, হাসান মাহমুদ, আবদুল মতিন খসরু, শহীদুজ্জামান সরকার, মুজিবুল হক (চুন্নু), জুনাইদ আহমেদ, আশরাফুন্নেসা মোশাররফ, শাহীন মনোয়ারা হক, রওশন জাহান সাথী, আসমা জেরিন, এ এন মাহফুজা খাতুন, তারানা হালিম, ফজিলাতুন্নেসা বাপ্পি প্রমুখ। এর আগে অধিবেশনের উদ্বোধনী ভাষণে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিরোধী দল সংসদে এসে সরকারের গঠনমূলক সমালোচনায় অংশগ্রহণ করলে সরকারের সঠিক পথে চলার পক্ষে সহায়ক হবে।’অধিবেশন শুরুর আগে শওকত আলীর সভাপতিত্বে সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, চলমান অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।