সোয়া কোটি টাকা জরিমানা, ফ্ল্যাট বাজেয়াপ্তের নির্দেশ
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিতের এপিএস ফারুকের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর ভারপ্রাপ্ত বিচারক মো. আতাউর রহমান এ রায় দেন। জামিনে থাকা ওমর ফারুক রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। আদালত রায় ঘোষণার পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাঁকে কারাগারে নিয়ে যায়।
রায় ঘোষণার পর আসামি ওমর ফারুকের আইনজীবী আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ২৭(১) ধারায় ওমর ফারুককে পাঁচ বছর সাজা দিয়েছেন। একই সঙ্গে ১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে তাঁকে আরও দুই বছর ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, দুদকে দাখিল করা বিবরণীতে সম্পদের বৈধ উৎস এবং আয়ের সঙ্গে অসংগতি থাকায় তাঁর নামে মোহাম্মদপুরে থাকা একটি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। তবে সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২৬(২) ধারায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগ থেকে তাঁকে খালাস দিয়েছেন আদালত।
২০১২ সালের ৯ এপ্রিল রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক ও রেলওয়ের কমান্ড্যান্ট এনামুলকে বহনকারী একটি গাড়ি বিজিবি সদর দপ্তরে ঢুকিয়ে দেন গাড়িচালক আজম। ওই গাড়ি থেকে একটি বস্তায় ভরা ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হলে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত | ওই সময় রেলের ১৩টি ক্যাটাগরিতে ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে দুদক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে ওমর ফারুকের বিরুদ্ধে অবৈধ সম্পদের সন্ধান পাওয়ায় ওই বছরের ১৪ আগস্ট রমনা থানায় দুদক এ মামলা করে। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে দুদক আইনের ২৭(১) ও ২৬(২) ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
রেলওয়ের পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুদকের করা একটি মামলায় গত বছরের ৩ আগস্ট ঢাকার একটি আদালত পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। মৃধার বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার রায় হয়েছে। চারটির বিচার চলছে। বাকি আটটি মামলা তদন্তাধীন আছে।