সাবেক র্যাবকর্মকর্তা রানার জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় গ্রেপ্তার হওয়া র‌্যাবের সাবেক কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে রানার পক্ষে জামিনের আবেদন করেন খুলনার আইনজীবী ফরহাদ আব্বাস। 
আদালত সূত্র জানায়, গতকাল এই মামলার নির্ধারিত কোনো তারিখ ছিল না। বেলা ১১টার দিকে আইনজীবী ফরহাদ আব্বাস নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে রানার পক্ষে জামিনের আবেদন করেন। বাদীর পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াৎ হোসেন, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ অর্ধশতাধিক আইনজীবী। দুই পক্ষের শুনানি শেষে আদালত রানার জামিন আবেদন নামঞ্জুর করেন।
আইনজীবীরা জানান, জামিন আবেদনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আদালতের সরকারি কৌঁসুলি সুলতানা রহমান। তিনি রানার শাশুড়ি। তবে সুলতানা রহমান প্রথম আলোকে বলেন, রানা তাঁর মেয়ের জামাই হলেও শুনানির সময় তিনি এজলাসকক্ষে ছিলেন না।
সাত খুনের ঘটনার পর এই মামলায় যাঁদের আসামি করা হয়, তাঁদের কোনো ধরনের আইনগত সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির। সমিতির সদস্য আইনজীবী চন্দন সরকার খুন হওয়ায় গত বছর জেলা আইনজীবী সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।