সাবেক ‘শান্তিবাহিনী’র সক্রিয় কর্মী শুক্র চাকমার (৫৫) লাশ শুক্রবার রাতে চট্টগ্রামের পটিয়ার একটি পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে।শান্তিবাহিনী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সামরিক শাখা। ১৯৯৮ সালে পার্বত্য চুক্তির পর শান্তিবাহিনী বিলুপ্ত হয়।শুক্র চাকমার মৃত্যুর ঘটনায় পুলিশ পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের পাঁচ নেতা-কর্মীকে চট্টগ্রামে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারের প্রতিবাদে তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরাসহ কয়েকজন শুক্র চাকমাকে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় নিয়ে আটকে রাখার পর পটিয়ায় এনে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার পটিয়ার একটি পাহাড় থেকে শুক্র চাকমার লাশ উদ্ধার করা হয়। তাঁর মানিব্যাগ পেয়ে পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে এসআই জানান। নিহত ব্যক্তির আত্মীয়স্বজন ও একটি সংগঠনের কয়েকজন কর্মীর অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিরা হলেন—বকুল চাকমা (৩৫), অতীশ চাকমা (২৫), বিজয় চাকমা (২৮), জেনাথন চাকমা (২১) ও সুমন চাকমা (৩৪)। তাঁদের সবাইকে চট্টগ্রামের পটিয়া থানায় রাখা হয়েছে।গতকাল ইউপিডিএফের কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চুক্তির পক্ষের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা ওই পাঁচ ব্যক্তিকে অপহরণ করে পটিয়া থানার পুলিশকে দিয়েছেন।পার্বত্য চুক্তির পক্ষের পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তেজোদীপ্ত চাকমা ইউপিডিএফের কর্মীদের আটকের সময় তাঁদের কোনো কর্মীর উপস্থিতি বা পুলিশকে সহায়তার বিষয়টি অস্বীকার করেছেন।যোগাযোগ করা হলে ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়কারী অলকেশ চাকমা তাঁদের কর্মীদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা সবাই চাকরি অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।নিহত শুক্র চাকমার ছেলে লিটন চাকমা গতকাল প্রথম আলোকে জানান, তাঁর বাবা পার্বত্যচুক্তির আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র শাখা শান্তিবাহিনীর সক্রিয় কর্মী ছিলেন। চুক্তির পর ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে শান্তিবাহিনীর যে দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অস্ত্র জমা দিয়েছিলেন, শুক্র চাকমা ছিলেন সেই দলটির সদস্য। তবে অস্ত্র জমাদানের পর কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত না থেকে ব্যবসা করতেন। তাঁকে অপহরণের পর অপহরণকারীরা পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে লিটন চাকমা জানান।পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো রাঙামাটির নানিয়ারচর, কুতুবছড়ি ও বাঘাইছড়ি উপজেলায়, খাগড়াছড়ির সদর, পানছড়ি, দীঘিনালা ও মহালছড়ি উপজেলা এবং বান্দরবান সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।সমাবেশ থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।