সাবেক শান্তিবাহিনীর সদস্যকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শান্তিবাহিনীর করুণ চাকমা (৫০) নামের এক সদস্যকে গুলি ছুড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে রাঙামাটির লংগদু উপজেলা সদরের তিনটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে জেলার লংগদু সদরে অবস্থিত করুণ চাকমার বাড়ি ঘিরে ফেলে একদল দুর্বৃত্ত। এ সময় তিনি বাড়ির বাইরে এলে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করা হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

করুণ চাকমা পার্বত্য শান্তিচুক্তির শর্ত মোতাবেক অস্ত্র জমাদানকারী শান্তি বাহিনীর সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছেন। সংগঠন দুটি এ অভিযোগ অস্বীকার করেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।