সাবেক শাশুড়ির পায়ের রগ কেটে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শওকত মাতুব্বর নামের এক ব্যক্তি তাঁর সাবেক শাশুড়ির পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, পুলিশ ও আহত ওই নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি মহল্লার বাসিন্দা নিলুফা বেগমের মেয়ে বীথি বেগমের সঙ্গে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুলপুর গ্রামের শওকত মাতুব্বরের বিয়ে হয়। বিয়ের পর শওকত কিছু দিন দেশের বাইরে ছিলেন। দুই মাস আগে শওকতের সঙ্গে বীথির বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পরও দেশের বাইরে থাকা অবস্থায় পাঠানো টাকা নিয়ে শওকতের সঙ্গে বীথির পরিবারের বিরোধ চলছিল। বুধবার ভাঙ্গার পুখুরিয়া থেকে নিজ বাড়িতে ফিরছিলেন নিলুফা বেগম। সন্ধ্যায় হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে পৌঁছালে মেয়ের সাবেক স্বামী শওকত মাতুব্বর তাঁর বাঁ পায়ের রগ কেটে গ্রামের একটি মাঠে ফেলে রেখে যান।
গতকাল বিকেলে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ঢালী মো. বেলায়েত হোসেন বলেন, নিলুফা বেগমের পরিবারের লোকজন তাঁর চিকিৎসা নিয়ে ব্যস্ত। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।