সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে জেলগেটে জিজ্ঞাসার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন চাঁদপুরের একটি আদালত।ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় মিলনকে গতকাল রোববার দুপুর দুইটায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আজমের আদালতে হাজির করা হলে আদালত এই নির্দেশ দেন।মিলনের আইনজীবী মাইনুল ইসলাম জানান, এই মামলায় রাষ্ট্রপক্ষ আদালতে মিলনের পাঁচ দিনের রিমান্ড চায়। অপরদিকে মিলনের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। কিন্তু আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে মিলনকে ‘প্রয়োজনে’ জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ ছাড়া ১০ মের মধ্যে আদালতে এই মামলার প্রতিবেদন দাখিল এবং ২২ মে মিলনকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়।চাঁদপুরের কচুয়া থানায় গত ১৯ এপ্রিল এই মামলাটি দায়ের করেন কচুয়া উপজেলার ভূইয়ারা গ্রামের সাইফুল ইসলাম ওরফে মাইকেল।মামলায় অভিযোগ করা হয়, ২০০৫ সালের ১১ নভেম্বর সন্ধ্যা সাতটায় উপজেলার সেঙ্গুলিয়া গ্রামে রাস্তার ওপর অস্ত্র উঁচিয়ে মিলন ও তাঁর লোকজন ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় মাইকেলকে মারধর করা হয়। মামলায় মিলনকে প্রধান আসামি করে মোট ১৫ জনকে অভিযুক্ত করা হয়। এ ছাড়া আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।মিলন মোট ২২টি মামলায় জামিন পেয়েছেন। তাঁর বিরুদ্ধে চাঁদপুরের আদালতসহ বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে। মিলন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।