সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।

মিলনের আইনজীবী কামরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ৬ জানুয়ারি চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবদুল মান্নান নামের এক ব্যক্তি নিহত হন। ওই মামলায় মিলনসহ ৭৫ জনকে আসামি করে ওই বছরের ১৭ জানুয়ারি একটি হত্যা মামলা করেন কচুয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) দুলাল মাহমুদ। আজ মামলায় শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বিবাদী আদালতে উপস্থিত হতে না পারায় মিলনের আইনজীবীরা সময়ের আবেদন করেন। আদালত ওই আবেদন খারিজ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেন, হত্যা মামলায় মিলনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মিলন বর্তমানে দেশের বাইরে পলাতক আছেন।