মিথ্যা ঘোষণা দিয়ে বিদেশ থেকে নিষিদ্ধ মদ আমদানির মামলায় জামিনে থাকা মংলা শুল্ক ভবনের সাবেক কমিশনার (কাস্টমস কমিশনার) নূরুল ইসলামসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার বাগেরহাটের বিশেষ আদালত-১-এর বিচারক মো. আতোয়ার রহমান জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর চার আসামি হলেন: মদ আমদানিকারক মিডিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হুমায়ুন কবির, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পরিচয় প্রদানকারী আজাদ মাহাতাব ওরফে আবুল কালাম, ওই পণ্যের সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) এজেন্ট প্রফেসি শিপিং লাইনসের স্বত্বাধিকারী জুলফিকার মালেক ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক।জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আসামিরা উচ্চ আদালতের নির্দেশে গতকাল নিম্ন আদালতে হাজির হয়ে নতুন করে মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন। আদালত ও মামলাসূত্র জানায়, ২০০৯ সালের ২২ ডিসেম্বর শুল্ক বিভাগের গোয়েন্দারা মংলা বন্দরে বিদেশ থেকে আনা পণ্যের কনটেইনার তল্লাশি করে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ২৭ হাজার ৩৬৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেন।এ ঘটনায় মংলা শুল্ক ভবনের অতিরিক্ত কমিশনার এস এম হুমায়ুন কবির ২০১০ সালের ৪ জানুয়ারি বাগেরহাটের মংলা থানায় কনটেইনারের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের চার কর্মকর্তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। তবে, মামলায় নূরুল ইসলামকে (কাস্টমস কমিশনার) আসামি করা হয়নি। তদন্ত শেষে চলতি বছরের ১০ জানুয়ারি বাগেরহাট গোয়েন্দা পুলিশ মংলা শুল্ক ভবনের সে সময়কার কমিশনার নূরুল ইসলামসহ এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (মংলা) আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত ১ ফেব্রুয়ারি মামলাটি বিচারের জন্য বাগেরহাটের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী শাহীন সিদ্দিকী জানান, মামলা হওয়ার পর থেকে আসামিরা উচ্চ আদালতের নির্দেশে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন। গতকাল আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।