সাবেক সচিব রণজিৎ বিশ্বাস আর নেই

সাবেক সচিব, ক্রীড়ালেখক ও সাহিত্যিক রণজিৎ কুমার বিশ্বাস (৬১) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিকেল চারটার দিকে রণজিৎ কুমার বিশ্বাস সার্কিট হাউসে আসেন। সন্ধ্যা ছয়টার দিকে একটি ইফতার অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। ছয়টার দিকে তাঁর কয়েকজন বন্ধু সার্কিট হাউসের যে কক্ষে তিনি অবস্থান করছিলেন, সে কক্ষের দরজায় ধাক্কা দিয়েও সাড়া পাননি। কক্ষের ভেতর থেকে সাড়া না পেয়ে বিষয়টি তাঁরা সার্কিট হাউসের স্টাফদের জানান। পরে সার্কিট হাউসের স্টাফরা কক্ষের ওপরের অংশের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেন, বিছানায় তিনি উপুড় হয়ে শুয়ে আছেন।’
জেলা প্রশাসক বলেন, ‘বিষয়টি আমাকে জানানোর পর দরজা ভেঙে দ্রুত ওনাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য বলি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।’
রণজিৎ কুমার বিশ্বাস সংস্কৃতি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে গত বছর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে সমসাময়িক নানা বিষয়ে কলাম লিখতেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা এলাকায়।
রণজিৎ কুমার বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিসচিব আকতারী মমতাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি।