রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন
সাবেক সভাপতি সাঈদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশে অনীহা!
বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মির্জা আবু সাঈদের বিরুদ্ধে দরপত্র জমাদানে বাধা দেওয়া, দরপত্র ছিনতাই, হুমকি, সমিতির সদস্যদের টাকা আত্মসাৎ, সরকারি নথি গায়েবের অভিযোগ করেছেন অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা।
পুলিশ প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসনের তদন্তে তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে রেল কর্তৃপক্ষের কাছে দেওয়া অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে অনীহা দেখানো হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক আবু তাহের প্রতিবেদন প্রকাশে দীর্ঘসূত্রতার বিষয়ে কিছু বলেননি। তিনি শুধু প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে এই সংগঠনের ব্যবসায়ীরা রেলওয়ের দরপত্রে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন মালামাল এবং যন্ত্রাংশ সরবরাহ করেন। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্সধারী প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা আবু সাঈদের কর্মকাণ্ডের প্রতি অনাস্থা জানালে বাণিজ্য মন্ত্রণালয় তাঁর কার্যকরী কমিটির সদস্যপদ বাতিল করে।
অ্যাসোসিয়েশনের সদস্য ও সাধারণ ব্যসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা সাঈদ হুমকি-ধমকি, দরপত্র ছিনতাই, গোপন দরপত্রের মাধ্যমে প্রায় অর্ধশত কোটি টাকার অর্থসম্পদের মালিক হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় তাঁর দুটি বিলাসবহুল ফ্ল্যাট বাড়ি এবং ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকা মূল্যের দুটি গাড়ি রয়েছে। অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য আহসান কবির প্রথম আলোকে বলেন, ‘১৫ বছর ধরে মির্জা সাঈদ বিভিন্ন অপকর্মের মাধ্যমে আমাদের ভাবমূর্তি নষ্ট করায় আমরা তাঁর বিরুদ্ধে মহানগর পুলিশ কমিশনার, বাণিজ্য মন্ত্রণালয়, রেলওয়ে এবং র্যাব-৭-এর অধিনায়ক বরাবর অভিযোগ করেছি।’
অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও ব্যবসায়ী আকবর হোসেন বলেন, ‘আমাদের অভিযোগগুলো ইতিমধ্যে পুলিশ প্রশাসন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হয়েছে।’ অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘রেলওয়ের তদন্ত প্রতিবেদনের ব্যাপারে একজন শীর্ষ কর্মকর্তা আমাকে বলেছেন, এটি প্রকাশ পেলে তা হল-মার্ক কেলেঙ্কারির মতো একটি বিশাল ঘটনার জন্ম দেবে। তাই একে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।’
চলতি বছরের জানুয়ারি মাসে সাঈদের বিরুদ্ধে সমিতির অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার বিশেষ শাখার (এসবি) মাধ্যমে তদন্তের ব্যবস্থা নেন। নগর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কায় কিসলু গত ২৭ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন তদন্ত শেষে গত ২২ এপ্রিল প্রতিবেদন জমা দেন। এসব তদন্তে মির্জা সাঈদের বিরুদ্ধে সব কয়টি অভিযোগই প্রমাণিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয় দুটি প্রতিবেদন বিশ্লেষণ করে গত ১৯ জুন মির্জা সাঈদের করা অ্যাডহক কমিটি এবং নির্বাহী কমিটি থেকে তাঁর সদস্যপদ বাতিলের চূড়ান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে বিয়ারিং ক্রয়-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে মির্জার মালিকানাধীন দি প্যারেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও দি প্যারেন্টস বিয়ারিং লিমিটেডের ফাইল চেয়ে পাঠান রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আকবর হুসাইন। কিন্তু এগুলো খুঁজে পাওয়া যায়নি বলে জানানো হয় প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) চৌধুরী মো. ঈশা-ই-খলিল বলেন, ‘মির্জা আবু সাঈদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা শুনেছি। এসব বিষয়ে জেলা প্রশাসন এবং পুলিশের বিশেষ শাখার তদন্ত হয়েছে। রেলওয়েরও একটি তদন্ত চলছে।’
জানা গেছে, মির্জা আবু সাঈদের দুর্নীতি তদন্তে চলতি বছরের ১১ এপ্রিল রেল মন্ত্রণালয় থেকে তৎকালীন বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা) হারুনুর রশীদকে আহ্বায়ক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তেও মির্জার বিরুদ্ধে বেশির ভাগ অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু রহস্যজনক কারণে প্রতিবেদনটি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে হারুনুর রশীদ বলেন, ‘আমরা নিয়মানুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলে তদন্ত কার্যক্রম শেষ করেছি এবং আগস্টের প্রথম দিকেই তা জমা দিয়ে এসেছি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই।’ অভিযোগ সম্পর্কে মির্জা আবু সাঈদ প্রথমে এক কথায় জবাব দেন, ‘পুলিশের বিশেষ শাখা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন সাজানো।’
এ ব্যাপারে নগর বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কায় কিসলু বলেন, ‘সম্পূর্ণ পক্ষপাতহীন এবং নিরপেক্ষভাবে তদন্ত হয়েছে। তদন্ত সাজানো হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরে তদন্ত করে একই প্রতিবেদন দিয়েছেন কীভাবে? মির্জা সাঈদের লোকজনের মাধ্যমে টেন্ডার ছিনতাই, ফাইল গায়েব, ব্যবসায়ীদের টাকা হাওলাত করে ফেরত না দেওয়া, হুমকির প্রতিটি বিষয়ই সত্যি। আবু সাঈদ তাঁর বক্তব্যের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।’
সভাপতি হিসেবে তাঁর সদস্যপদ বাতিলসংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা প্রসঙ্গে সাঈদ বলেন, ‘মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ করতে পারে কিন্তু সভাপতি পরিবর্তনের এখতিয়ার নেই।’ দরপত্র জমাদানে বাধাদান, তাঁর লোকজনের মাধ্যমে হুমকি, লাঞ্ছিত করার অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমার কোনো লোক নেই, এ ধরনের কোনো কাজ আমি করিনি।’ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগ অস্বীকার করেন। সিসিএস কার্যালয় থেকে ফাইল গায়েব এবং সেখানকার কর্মচারীদের গালাগাল, ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার এমন কী ক্ষমতা রয়েছে যে আমি ফাইল সরিয়ে নেব? এগুলো অবিশ্বাস্য।’
দুর্নীতি দমন কমিশনে মামলার বিষয়টি স্বীকার করলেও অভিযোগ অসত্য বলে দাবি করে তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে এতে ফাঁসানো হয়েছে। র্যাব-৭-এর অধিনায়ক এম সাহেদ করিম বলেন, ‘আমরা পুলিশ প্রশাসন ও আদালতের কার্যক্রমের ওপর ভিত্তি করে পদক্ষেপ নিয়ে থাকি। এ ক্ষেত্রেও সেভাবেই ব্যবস্থা নেব।’