সাবেক সাংসদ আখতারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন ফিদা এম কামাল
সাবেক সাংসদ আখতারুজ্জামানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার মামলা করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। বিকেলে রাজধানীর শাহবাগ থানায় তিনি এ মামলা করেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, জোরপূর্বক কক্ষে প্রবেশ, ভয়ভীতি প্রদর্শন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে আখতারুজ্জামানের বিরুদ্ধে এই মামলা হয়েছে। মামলার বাদী ফিদা এম কামাল। প্রত্যক্ষদর্শীরা জানায়, আখতারুজ্জামান দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় ফিদা এম কামালের চেম্বারে যান। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে আসেন এবং পাশের কক্ষের কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আবার ওই চেম্বারে যান। এ সময় মামলা পরিচালনার টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের তর্ক হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার পর আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ফিদা এম কামালকে। কিন্তু তিনি শুনানিতে অংশ নেননি। এই মামলা পরিচালনার জন্য যে টাকা তাঁকে দেওয়া হয়েছিল, তা ফেরত চেয়েছি।’তবে ফিদা এম কামাল সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বিষয়টি আমি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে জানিয়েছি।’