
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সাবেক সাংসদ ও জামায়াতে ইসলামীর নেতা আবু সালেহ মুহাম্মদ আবদুল আজিজ মিঞা (৬৫) ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয়জন পলাতক আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার আসামিদের অনুপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, আটক, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনের তিনটি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২ আগস্ট দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
আজিজ মিঞা ছাড়া বাকি পাঁচ আসামি হলেন মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আবদুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আবদুর রহিম মিঞা (৬২)। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি সৈয়দ হায়দার আলী, ঋষিকেশ সাহা ও শেখ মোশফেক কবির। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম।
অভিযোগ গঠনের আদেশে বলা হয়, আজিজসহ গাইবান্ধার এই ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয় ২০১৪ সালের ২৬ অক্টোবর। গত বছরের ২৭ ডিসেম্বর তদন্ত শেষ করে প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। এরপর রাষ্ট্রপক্ষ অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনালে তার ওপর শুনানি হয়। গতকাল অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য ছিল।
গত বছরের ২৩ নভেম্বর আজিজসহ ছয়জনকে গ্রেপ্তারের আবেদন করে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ তাঁদের ধরতে পারেনি। পরে তাঁদের পলাতক দেখিয়ে বিচার কার্যক্রম শুরু করেন ট্রাইব্যুনাল।
অভিযোগ গঠনের আদেশে বলা হয়, একাত্তরের ৯ থেকে ১৩ অক্টোবর গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় আসামিরা মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন। জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজ মিঞা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সুন্দরগঞ্জ-১ আসনের সাংসদ ছিলেন।