একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ আবু সালেহ মুহাম্মদ আবদুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ (৬৫) গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী, ঋষিকেষ সাহা ও মুশফেক কবির।
পরে সৈয়দ হায়দার আলী প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের কাছে ৪৫ দিন সময় চেয়েছিল। ট্রাইব্যুনাল ১৮ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে বলেছেন।
২৭ ডিসেম্বর গাইবান্ধার সাবেক সাংসদ আবু সালেহ মুহাম্মদ আবদুল আজিজ মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয় মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। বাকি পাঁচজন হলেন মো. নাজমুল হুদা (৬০), মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আবদুল লতিফ (৬১), মো. আবদুর রহিম মিঞা (৬২) ও আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯)। ছয়জনই পলাতক রয়েছেন।