সাবেক সাংসদ আবদুর রহিমের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম আবদুর রহিম
এম আবদুর রহিম

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং দিনাজপুর সদর আসনের সাবেক সাংসদ এম আবদুর রহিম (৯০) রাজধানীর একটি হাসপাতালে গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আবদুর রহিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের প্রতি শেষশ্রদ্ধা জানিয়ে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আজ বাদ জোহর তাঁর জন্মস্থান দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামের পাঁচকুড় মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আবদুর রহিমের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন দল ও সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তিনি ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বৃহত্তর দিনাজপুর থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালে দিনাজপুর সদর আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন।