যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকরাম আলী হত্যা মামলায় যশোর-৪ আসনের সাবেক সাংসদ এম এম আমিন উদ্দিনসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। এম এম আমিন উদ্দিন চারদলীয় জোট সরকারের সময় অভয়নগর-বাঘারপাড়া আসন থেকে জাতীয় পার্টির (না-ফি) সাংসদ ছিলেন।
দণ্ডাদেশ পাওয়া বাকিরা হলেন অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাসুদ, পৌর যুবদলের নেতা সৈয়দ আলী ও উষা মোল্লা, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার, থানা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক। উষা মোল্লা পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাঁরা হলেন আবদুল রশিদ, শরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও সজিব।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালে অভয়নগরের নওয়াপাড়া এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি বাড়ি তৈরি করছিলেন চিকিৎসক আকরাম আলী। একে কেন্দ্র করে তাঁর কাছে প্রভাবশালী একটি গোষ্ঠী চাঁদা দাবি করে। না দেওয়ায় ২০০৬ সালের ১৩ আগস্ট রাত ১০টার দিকে নির্মাণাধীন ওই বাড়িতে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহত আকরাম আলীর ভাই আশরাফ আলী অভয়নগর থানায় মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ এনামুল হক বলেন, ২০০৮ সালের ১৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার সুখরঞ্জন সমাদ্দার ১২ জনের বিরুদ্ধে যশোরের আদালতে অভিযোগপত্র দেন। এরপর বিচার শুরু হয়। এতে ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়। চাঞ্চল্যকর মামলা হিসেবে চিহ্নিত হওয়ার পর দ্রুত নিষ্পত্তির জন্য ২০১৬ সালের ১১ এপ্রিল যশোর আদালত থেকে মামলাটি খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইব্যুনালে বিভিন্ন কার্যদিবসে দুজন সাক্ষীর জেরাসহ অন্যান্য কাজ শেষে গতকাল দুপুরে রায় ঘোষণা করা হয়। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।