সাবেক সাংসদ আলী রেজা মারা গেছেন

যশোরের জ্যেষ্ঠ রাজনীতিক ও আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ আলী রেজা রাজু (৭০) আর নেই। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলী রেজা দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকেরা গতকাল দুপুর ১২টা ৪৯ মিনিটে লাইফ সাপোর্ট খুলে দেন এবং তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আলী রেজার ছোট ভাই মুক্তিযোদ্ধা সংসদের যশোর ইউনিট কমান্ডার রাজেক আহমেদ প্রথম আলোকে বলেন, ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আলী রেজা আওয়ামী লীগ থেকে সাংসদ নির্বাচিত হন। এর আগে তিনি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, যশোর পৌরসভার মেয়র (সাবেক চেয়ারম্যান) ও কাউন্সিলর এবং সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে তিনি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
আজ শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় আলী রেজার জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ যশোরে এনে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।