সাবেক সাংসদ এম এ মান্নান আর নেই

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সাংসদ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ এম এ মান্নান (৮৪) গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
এম এ মান্নান ১৯৩২ সালের ২ ডিসেম্বর কিশোরগঞ্জের কটিয়াদীর বৈরাগীরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্নায়ুরোগের ওষুধ ‘এরিকোনা’র আবিষ্কারক এবং ‘লেথারিজম’ নামক স্নায়ুরোগের উৎপত্তি ও নিরাময়ে সর্বপ্রথম গবেষণা করেন। তিনি ১৯৮৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের স্নায়ুরোগ বিভাগের প্রধান হিসেবে অবসর নেন। তিনি চিকিৎসা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদক লাভ করেন।
কিশোরগঞ্জ-২ নির্বাচনী এলাকা থেকে এম এ মান্নান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০১ ও ২০০৮ সালে সাংসদ নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।