সাবেক সাংসদ ও ইউপি চেয়ারম্যানের নামে মামলা
বরগুনার পাথরঘাটায় সাবেক সাংসদ গোলাম সরোয়ার ওরফে হিরু ও তাঁর স্ত্রী কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আফরোজসহ ১৪ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা হয়েছে। একই ইউপির সদস্য মো. খাইরুল ইসলাম রোববার উপজেলা আমলি ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।আদালতের বিচারক অমিত কুমার রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।মামলার অন্য আসামিরা হলেন মজিবর রহমান, জাহাঙ্গীর, আ. রাজ্জাক সিকদার, মো. বেলায়েত, মো. ছিদ্দিকুর রহমান, আ. করিম, আফজাল হোসেন, সেতারা বেগম, নাসিমা বেগম, আ. জলিল খতিব, মোস্তফা ও বাবুল।মামলার বর্ণনায় জানা যায়, ২২ মার্চ বেগম নূর আফরোজ ও তাঁর স্বামী গোলাম সরোয়ার কালমেঘা ইউপির চেয়ারম্যান পদে (নূর আফরোজকে) পুনর্বহালের হাইকোর্টের আদেশ নিয়ে ওই ইউপির কার্যালয়ে যান। এ সময় তাঁরা এবং তাঁদের সঙ্গে আসা লোকজন ওই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তহমিনা বেগমকে টেনে-হিঁচড়ে তাঁর চেয়ার থেকে ওঠায়, অকথ্য ভাষায় গালাগাল করে এবং খুন করার হুমকি দেয়।