সাবেক সাংসদ ও প্রথম আলোর প্রতিনিধির সই জালের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দারিদ্র্য নিবারণ কেন্দ্র (ডিএনকে) নামের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাবেক সাংসদ এবং প্রথম আলোর উল্লাপাড়া প্রতিনিধির নাম ব্যবহার ও স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। গত বুধবার এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ ও উল্লাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রথম আলোর উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিক। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সংস্থার নির্বাহী পরিচালককে যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার ব্যাপারে নোটিশ জারি করেছেন ইউএনও।অভিযোগে বলা হয়েছে, সাবেক সাংসদ সামসুল ইসলাম ও প্রথম আলোর উল্লাপাড়া প্রতিনিধিকে সংস্থার পরিচালনা কমিটির সদস্য দেখিয়ে তাঁদের স্বাক্ষর জাল করে প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের অনুমতি, বিভিন্ন মন্ত্রণালয়ে প্রকল্প দাখিল এবং তাঁদের জামিনদার দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে।ইউএনওর কাছে করা অভিযোগ ও থানার জিডি থেকে জানা যায়, ডিএনকের নির্বাহী পরিচালক তৌহিদুর রহমান উল্লাপাড়ার সাবেক সাংসদ সামসুল ইসলামকে কার্যকরী কমিটির সহসভাপতি এবং প্রথম আলোর উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিককে পরিচালনা পর্ষদের সদস্য দেখিয়ে ৪১ সদস্যের কমিটি করেন। সংস্থার ঘোষণাপত্রে বিভিন্ন প্রকল্পে সরকারি অনুমোদন, ব্যাংক ঋণ ইত্যাদি বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের গ্যারান্টার (জামিনদার) হিসেবে উল্লেখ করা হয়। এতে আরও উল্লেখ করা হয়, যদি এই সংস্থা কোনো দিন ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে এই গ্যারান্টাররা সব টাকা পরিশোধ করবেন। বিভিন্ন জেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালনার অনুমতির জন্য ঘোষণাপত্রের অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র গত বছরের ২৭ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তরে এবং সর্বশেষ সিরাজগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে পাঠানো হয়।এ ব্যাপারে সাবেক সাংসদ সামসুল ইসলাম বলেন, ‘আমি কোনো দিনই এই সংস্থার সদস্য ছিলাম না। তার পরও পরিচালনা কমিটির সহসভাপতি হিসেবে আমার নাম ব্যবহার করে জাল সইয়ের মাধ্যমে ঘোষণাপত্র করে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার খবর পেয়েছি। আমি সংস্থার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা করব।’প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ ভৌমিক বলেন, ‘অনেক দিন আগ থেকেই সংস্থার প্রধান আমাদের নাম ব্যবহার করছেন। বিষয়টি গত সপ্তাহে জানার পর ইউএনওকে জানিয়েছি ও থানায় জিডি করেছি। ওই সংস্থার নির্বাহী প্রধানের সঙ্গে আমার পরিচয় রয়েছে। তবে আমি তাঁর সংস্থার কোনো সদস্য নই। আমাকে বহুবার সদস্য হওয়ার কথা বললেও আমি তাতে রাজি হইনি। তার পরও তিনি তাঁর স্বার্থসিদ্ধির জন্য আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে ফায়দা লুটছেন।’এ ব্যাপারে ডিএনকের নির্বাহী পরিচালক তৌহিদুর রহমান বলেন, ‘কল্যাণ ভৌমিক ও সামসুল ইসলাম সংস্থার পরিচালনা কমিটির সদস্য। এখন তাঁরা অস্বীকার করলে বলার কিছু নেই। ঘোষণাপত্র করা ও স্বাক্ষর নেওয়ার কাজগুলো আমার কর্মচারীরা করে থাকে। যতদূর জানি, ওই দুজন নিজেরাই স্বাক্ষর করেছেন।’ তিনি আরও বলেন, ‘ঋণ গ্রহণ, প্রদান, আদায় এসব বিষয়ে সংস্থার নির্বাহী প্রধানই দায়ী। অন্য সদস্যদের কোনো দায়ভার নেই। এনজিওগুলো সাধারণত এভাবেই কাগজপত্র তৈরি ও দাখিল করে থাকে। এতে সদস্যদের ভয়ের কিছু নেই।’ বিষয়টি নিয়ে দু-এক দিনের মধ্যে মীমাংসায় বসা হবে বলে তিনি উল্লেখ করেন।উল্লাপাড়ার ইউএনও অতুল সরকার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ওই সংস্থার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তিন দিনের মধ্যে জবাবসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো পাওয়ার পর তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’