সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসাকে আদালতে হাজির করার আদেশ স্থগিত
জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসাকে ৬ মার্চ আদালতে হাজির করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
করিম উদ্দিন ভরসাকে আটক রাখা হয়নি জানিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করিম উদ্দিন ভরসার করা আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।
প্রায় ৮৭ বছর বয়সী করিম উদ্দিন ভরসাকে বেআইনিভাবে তাঁর ছেলে মো. সাইফুল উদ্দিন ভরসা আটকে রেখেছেন, এমন অভিযোগ তুলে শফিকুল ইসলাম ভরসাসহ তাঁর অপর ৯ সন্তান হাইকোর্টে একটি রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। করিম উদ্দিন ভরসাকে ৬ মার্চ আদালতে হাজির করতে তাঁর ছেলে মো. সাইফুল উদ্দিন ভরসাকে নির্দেশ দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে করিম উদ্দিন আবেদন করেন, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে করিম উদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। রিট আবেদনকারী ৯ সন্তানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম; সঙ্গে ছিলেন আফরোজা ফিরোজ।
পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, ‘করিম উদ্দিন ভরসাকে আটক রাখা হয়নি উল্লেখ করে তিনি নিজেই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনটি করেন। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। তবে ছেলে–মেয়েরা তাঁকে দেখতে চাইলে যথাযথ আবেদন নিয়ে আসতে পারেন বলে অভিমত দিয়েছেন আদালত।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন করিম উদ্দিন ভরসা। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।