রাষ্ট্রদ্রোহ মামলায় সাতক্ষীরার শ্যামনগরের সাবেক সাংসদ ও জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য গাজী নজরুল ইসলামসহ ২৪ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম নবীর আদালতে জামিন বাতিল হওয়ার পর তাঁদের সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক রতন শেখ জানান, ১৪ এপ্রিল বেলা ১১টায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের জামায়াত কর্মী আবদুল জলিলের বাড়িতে সরকার ও রাষ্ট্রবিরোধী গোপন সভা চলছিল। খবর পেয়ে পুলিশ জামায়াতের ২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করলেও জামায়তের শুরা সদস্য ও সাবেক সাংসদ গাজী নজরুল পালিয়ে যান। এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক লুৎফর রহমান বাদী হয়ে ওই দিন ২৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। পরে গাজী নজরুল ইসলামসহ ২৭ জন হাইকোর্টে জামিন আবেদন করেন। তবে আদালত তাঁদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গাজী নজরুল তাঁর ২৩ জন সহযোগীকে নিয়ে গতকাল সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম নবীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করে আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জামায়াত নেতা নাজির গ্রেপ্তার: সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহামঞ্চদ ইব্রাহীম জানান, নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য যশোরের নাজির হোসাইনকে গতকাল সাতক্ষীরা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ করা ও জামায়তের কেন্দ্রীয় নেতাদের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রামের প্রেক্ষাপট তৈরি করতে সাতক্ষীরায় এসেছিলেন।