সাবেক সাংসদ জব্বার ও তাঁর ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ও সাতক্ষীরা সদর আসনের সাবেক সাংসদ এম এ জব্বার এবং তাঁর ছেলে মাহবুব হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান গতকাল সোমবার বিকেলে রাজধানীর রমনা থানায় সাবেক সাংসদ জব্বার ও তাঁর ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। এর আগে ১ অক্টোবর তাঁদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় দুদক।
মামলায় এম এ জব্বারের বিরুদ্ধে এক কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর তাঁর ছেলের বিরুদ্ধে ১৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে সাবেক সাংসদ এম এ জব্বারের অবৈধ সম্পদ অনুসন্ধানের জন্য দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমানকে নিয়োগ দেয় কমিশন। অনুসন্ধান শেষে সাবেক এই সাংসদ ও তাঁর ছেলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা। কমিশনের অনুমোদনের পর গতকাল মামলা হলো।