সাবেক সাংসদ জব্বারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মঠবাড়িয়ায় তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির নেতা ও সাবেক সাংসদ আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে পিরোজপুরের মঠবাড়িয়ায় এসেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার দুই সদস্যের একটি দল। তদন্ত দলটি গতকাল রোববার মঠবাড়িয়ায় গণহত্যাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেয়।

তদন্ত সংস্থার সদস্য জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলালউদ্দিনের নেতৃত্বে এ দলের অপর সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। তদন্ত দলের সদস্যরা সকালে সূর্যমণি বধ্যভূমি পরিদর্শন করেন এবং মঠবাড়িয়া ও আঙ্গুলকাটা গ্রামের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁরা গণহত্যার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেন। তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধকালে সূর্যমণি বধ্যভূমিতে হিন্দুধর্মাবলম্বী ২৪ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণপতি হালদারসহ আটজন হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হয়েছে। এসব ঘটনার সঙ্গে মঠবাড়িয়ার সাবেক সাংসদ আবদুল জব্বারের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত সংস্থা জানায়, আবদুল জব্বার একাত্তরে মুসলিম লীগের নেতা এবং মঠবাড়িয়ায় শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। সে সময় তিনি বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সমর্থকদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন। এমন বক্তব্যের পর গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, একাত্তরের ৬ অক্টোবর রাতে উপজেলার মঠবাড়িয়া ও আঙ্গুলকাটা গ্রাম থেকে ৩০ জন হিন্দুধর্মাবলম্বীকে ধরে সূর্যমণি বেড়িবাঁধের স্লুইসগেট-সংলগ্ন খালের পাড়ে নিয়ে ২৪ জনকে গুলি করে হত্যা করে রাজাকাররা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণপতি হালদারসহ আটজনকে পুলিশ ধরে নিয়ে যায়। তাঁদের ১০ এপ্রিল পিরোজপুরে বলেশ্বর নদের ঘাটে নিয়ে গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধকালে মঠবাড়িয়ায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। এসব ঘটনার সঙ্গে জব্বারের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তদন্ত দল আজ সোমবার উপজেলার বড়মাছুয়া বধ্যভূমি পরিদর্শন করবে। ২০১০ সালের ৪ নভেম্বর হেলালউদ্দিনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দল মঠবাড়িয়ায় এসেছিল। সে সময় সূর্যমণি গণহত্যার প্রত্যক্ষদর্শী ১৮ জনের জবানবন্দি নিয়েছিল।