সাবেক সাংসদ জব্বারের বিরুদ্ধে গণহত্যা লুণ্ঠনের প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সাংসদ আবদুল জব্বারের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থার সদস্য মো. হেলালউদ্দিনের নেতৃত্বে চার সদস্যের একটি দল গতকাল মঙ্গলবার উপজেলার নলী গ্রামের গণহত্যাস্থল পরিদর্শন করে। এর আগে গত সোমবার ওই দলের সদস্যরা তুষখালী গ্রামে অগ্নিসংযোগস্থল ও দক্ষিণ বড় মাছুয়া গ্রামের বধ্যভূমি পরিদর্শন এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেন।
হেলালউদ্দিন গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধকালে মঠবাড়িয়ার তুষখালী, ফুলঝুড়ি ও নলী গ্রামে সংঘটিত গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনায় মঠবাড়িয়া থানা শান্তি কমিটির সভাপতি আবদুল জব্বারের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। জব্বারের নির্দেশে পাকিস্তানি সেনা ও স্থানীয় রাজাকাররা এসব অপরাধ করে।
তদন্ত দলটি জানায়, একাত্তরের ১৬ মে আবদুল জব্বার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় বলেন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও হিন্দুরা পাকিস্তানের শত্রু। এদের ধ্বংস করতে হবে। তাঁর এই ঘোষণার পর স্থানীয় রাজাকাররা তুষখালী গ্রামের কলু ও নাথপাড়ায় সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট চালায় ও অগ্নিসংযোগ করে।
স্থানীয় লোকজন জানান, আবদুল জব্বার ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
এর আগে গত বছরের ২৬ মে হেলালউদ্দিনের নেতৃত্বে তদন্ত দল আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে মঠবাড়িয়ায় এসেছিলেন।