সাবেক সাংসদ জাহেদ আলী চৌধুরী আর নেই
জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাংসদ জাহেদ আলী চৌধুরী (৬৩) গতকাল মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। জাহেদ আলী বিএনপির বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রকাশনাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। শেরপুর-২ আসন থেকে তিনি দুবার সাংসদ নির্বাচিত হন। বিএনপির এই কেন্দ্রীয় নেতার মৃত্যুতে দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, শেরপুর জেলা বিএনপিকে সুসংগঠিত ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলন বেগবান করতে জাহেদ আলী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী শক্তির অপূরণীয় ক্ষতি হলো। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সহসভাপতি আবদুল্লাহ আল নোমানও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। মরহুমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল সকালে বাসাবোর বাসায় হূদরোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল আসরের নামাজের পর বাসাবো খেলার মাঠে ও সাড়ে পাঁচটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মরদেহ শেরপুরের নকলা উপজেলায় নেওয়া হয়। শেরপুরে শোকের ছায়া: আমাদের শেরপুর প্রতিনিধি জানিয়েছেন, জাহেদ আলীর আকস্মিক মৃত্যুতে শেরপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। শেরপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ছাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ জোহর নকলা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রথম ও বাদ আসর চরভাবনা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। জাহেদ আলী চৌধুরী ১৯৪৭ সালে শেরপুরের নকলা উপজেলার চরভাবনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।