সাবেক সাংসদ নূর মোহাম্মদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
রংপুরের পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সাংসদ বিএনপির নেতা নূর মোহাম্মদ মণ্ডলের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে তাঁর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।
অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, নূর মোহাম্মদ মণ্ডল বিভিন্ন সময় ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ২০১২,২০১৩ ও ২০১৫ সালে দুদকে আসা সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ আমলে নিয়ে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দুদকের রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালকে ওই অভিযোগ অনুসন্ধানের যাবতীয় কর্মকাণ্ড তদারক করে অতি দ্রুত সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন কমিশনের জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নূর মোহাম্মদ মণ্ডল আজ সোমবার টেলিফোনে প্রথম আলোকে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরাই দুদকের কাছে বেনামে এ ধরণের অভিযোগ করেছে। তিনি দাবি করেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
২০০১ সালের সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হারিয়ে দিয়ে ব্যাপক আলোচিত হন নূর মোহাম্মদ মণ্ডল। পরবর্তী সময়ে তিনি ২০০৮ সালে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দেন এবং ওই বছর সংসদ নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার কাছে হেরে যান। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন নূর মোহাম্মদ মণ্ডল।