সাবেক সাংসদ বদির দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদির করা আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
ওই মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন চট্টগ্রামের আদালত। মামলা থেকে অব্যাহতি চেয়ে বদির করা আবেদনও সেদিন নাকচ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তিনি, যা গতকাল শুনানির জন্য ওঠে।
২০০৭ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের ডাবলমুরিং থানায় বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। এই মামলায় ২০০৮ সালের ২৪ জুন অভিযোগপত্র দেয় দুদক। এরপর ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর এ মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, সাবেক সাংসদের আবেদন খারিজ করে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।