সাবেক সাংসদ মজিবুরের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। দুদক সূত্র জানায়, ২০০৭ সালের ৮ অক্টোবর মজিবুরের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেয় দুদক। তিনি এক কোটি ৭৮ লাখ ৪২ হাজার ৪৩৭ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী জমা দেন। দুদক টাঙ্গাইলের সহকারী পরিচালক কাজী শামসুল ইসলাম এ বিবরণী যাচাই শেষে ৭৪ লাখ ১২ হাজার ২২৩ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের প্রমাণ পান। শামসুল ইসলাম ২০০৮ সালের ২৭ মে ঢাকার রমনা থানায় মজিবুরের বিরুদ্ধে মামলা করেন।দেওয়ান সফিউদ্দিন আহমেদ জানান, মজিবুর ২০০৪ সালে সাংসদ হিসেবে শুল্কমুক্ত কোটায় ২৩ লাখ ৮৮ হাজার টাকা দিয়ে একটি হামার গাড়ি আমদানি করেন, যা তিনি সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি। ২০০২ সালের ২৭ মে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি থেকে মজিবুর চার লাখ ১৪ হাজার টাকায় একটি পাজেরো গাড়ি তাঁর ছেলে মাহমুদুর রহমানের নামে নিলামে কেনেন। ছেলের যেহেতু আয়ের কোনো উত্স নেই, তাই এটি মজিবুরের সম্পদ হিসেবেই অভিযোগপত্রে দেখানো হয়েছে। মজিবুর তাঁর ছেলের মোটরসাইকেলটিও ক্রয়মূল্যের চেয়ে ১৩ হাজার টাকা কম দেখিয়েছেন। এ ছাড়া তিনি কিশোরগঞ্জের বাজিতপুর পৌর এলাকায় তাঁর বাড়িটির নির্মাণ ব্যয় দেখিয়েছেন ১২ লাখ টাকা। কিন্তু দুদকের তদন্তে বের হয়ে এসেছে, বাড়িটি নির্মাণে খরচ হয়েছে ২০ লাখ ৬৪ হাজার ৭২৩ টাকা।