সাবেক সাংসদ মজিবুরের বিরুদ্ধে পরোয়ানা
চেক প্রতারণার মামলায় কিশোরগঞ্জের সাবেক সাংসদ মজিবুর রহমান ওরফে মঞ্জুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।গতকাল বুধবার ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আল আসাদ মোহাম্মদ আশিকুজ্জামান এই আদেশ দেন। আগামী ২২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।রাজধানীর গুলশান থানার বাসিন্দা ও ব্যবসায়ী রেজাউল করিম ২০১০ সালের ফেব্রুয়ারিতে ঢাকার মহানগর হাকিমের আদালতে চেক প্রতারণার অভিযোগে এই মামলা করেন।মামলায় বলা হয়, সরকার থেকে সাংসদের পাওয়া প্লটে বহুতল ভবন নির্মাণের জন্য বাদীকে আমমোক্তার নিযুক্ত করা হয়। আসামি বাদীর কাছ থেকে সাইনিং মানি হিসেবে এক কোটি ২০ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু রাজউক থেকে ছাড়পত্র পেতে দেরি হওয়ায় বাদীর কাছ থেকে নেওয়া টাকা পরিশোধের জন্য একটি চেক দেন। চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষ ‘অপর্যাপ্ত তহবিল’ মন্তব্য করে চেক ফেরত দেন।